দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুসারে, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে। ফলে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রৌপ্যের দামও। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেট রৌপ্যের ভরি ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট রৌপ্যের ভরিতে ২৯২ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট রৌপ্য ২৯১ টাকা কমে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২৩৩ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।