দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
বিজ্ঞপ্তিরে আরো বলা হয়, মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন।
একই সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৫৯ জন। ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ২৮১ জন। এছাড়া বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২, খুলনা বিভাগে ১৪১, ময়মনসিংহ বিভাগে ৭৫, রাজশাহী বিভাগে ৫১ এবং রংপুর ও সিলেট বিভাগে সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৯০ জন।