সিলেটে বিজয়ী ১৬ জনই নতুন মুখ, সাবেক এমপি ৩ জন

নির্বাচিত এই নতুন মুখদের মধ্যে দুইজন সাবেক মেয়রও রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছেন নতুন প্রার্থীরা। বিজয়ী প্রার্থীদের মধ্যে মাত্র তিনজন আগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক এমপিরা হলেন— সুনামগঞ্জ-২ আসনের নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন আহমদ মিলন ও মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান। এর মধ্যে কলিম উদ্দিন আহমদ মিলন আগে তিনবার এবং বাকি দুজন একবার করে সংসদ সদস্য ছিলেন।

সিলেট বিভাগে নির্বাচিত নতুন ১৬ জন সংসদ সদস্যের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে মুফতি মাওলানা আবুল হাসান এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী। মৌলভীবাজার জেলা থেকে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ জেলার নতুন বিজয়ীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ এবং সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম। হবিগঞ্জ জেলা থেকে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউস এবং হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সল।

নির্বাচিত এই নতুন মুখদের মধ্যে দুইজন সাবেক মেয়রও রয়েছেন। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিকূল পরিস্থিতিতে দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে জি কে গউস তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। তিনি একবার কারাগারে থেকেও মেয়র নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছিলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফল এ বিজয়। তিনি আরো উল্লেখ করেন, দেশের মানুষের হৃদয়ে তারেক রহমান জায়গা করে নিয়েছেন এবন আগামীতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও