উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোটগ্রহণ

১৮৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় ব্যাংক, উপশাখা ও সরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা এ আসনের উপনির্বাচন হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি)-এর আশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ পাওয়া যায়নি। নির্বাচন ভবন থেকে সিসিটিভি ও মনিটরিং সেলের মাধ্যমে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’

১৮৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় ব্যাংক, উপশাখা ও সরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এই সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা। প্রার্থীরা হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

আরও