হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়দায়িত্ব নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কমিশনের প্রধান করা হয়েছে, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে কমিশনকে।
এতে বলা হয়, কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। এছাড়া কমিশনের ব্যয় নির্বাহ এবং তদন্তকাজে সহায়তার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ বা এর অধীনস্থ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে।