মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে সৌদি প্রবাসী হৃদয় (২৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।
আজ সকাল সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়।
পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় গুরুতর আহত সাজ্জাদ (২৪)-কে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হৃদয় রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। শিগগিরই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিস জানায়, নিহত ব্যক্তি গতকাল রাতে মাওয়ায় ঘুরতে এসেছিল পরে সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেনমুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে সেখানে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে দেয়া হবে।
তিনি আরো জানান, অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।