গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সভায় সম্পাদকদের লেখনীর মাধ্যমে দেশের সত্য ও বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ ও রাজপথে জামায়াতের বিরোধিতাকে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাখার নীতির কথা তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সম্পাদকদের সঙ্গে সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরেছেন জামায়াতের আমির। গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকট ও এর উত্তরণে সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। জামায়াত যে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছে, সভায় সে বিষয়টিও তুলে ধরা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সম্পাদকদের মধ্যে যারা মতবিনিময় সভায় উপস্থিত থাকতে পারেননি, তারা এর কারণ জানিয়ে ফোন করেছেন। জামায়াত মনে করে না গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো দূরত্ব আছে। তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন, সম্পাদকদের সঙ্গে বৈঠক সে প্রচেষ্টারই একটি অংশ।’
গোলাম পরওয়ার বলেন, ‘সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন। গঠনমূলকভাবে সমালোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথেও আপনারা থাকেন। কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না।’
সভায় বাংলাদেশের বর্তমান, আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াতের আমিরের প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে জামায়াত। কিন্তু তার পরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি, বরং বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আমির জামায়াত তুলে ধরেছেন।’
মতবিনিময় সভায় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক কেএম বেলায়েত হোসেন, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন প্রমুখ।
মতবিনিময় সভায় জামায়াতের পক্ষ থেকে দলটির নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।