বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে তানজিম ওয়াহাবকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তানজিম ওয়াহাব জার্মানির বার্লিনে স্পোর ফাউন্ডেশনে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি বেঙ্গল ফাউন্ডেশনে হেড অব আর্টস প্রোগ্রাম ও ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিলেন। তিনি ওয়ার্ল্ড প্রেস ফটোর জুরি বোর্ডের এশিয়া চেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ পদে অংশগ্রহণ করেছেন।
তিনি নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্মলগ্ন থেকেই মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন, যা প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ আগস্ট সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২ অনুযায়ী তানজিম ওয়াহাবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে পুনরায় নিয়োগ দেয়া হলো।