পাওনা শোধ ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ

শ্রমিকেরা জানায়, ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত হংকংয়ের মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। তিন কারখানা বন্ধ ঘোষণার ফলে কমপক্ষে চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

পাওনা পরিশোধ না করে একযোগে তিন কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি কারখানার শ্রমিকরা। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার সকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তিনটি কারখানার কয়েকশ শ্রমিক।

শ্রমিকেরা জানায়, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে তিনটি প্রতিষ্ঠান। এর ফলে কমপক্ষে চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ কারণে আজ সকাল ৯টা থেকে পাওনা পরিশোধের দাবি তুলে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

সড়ক অবরোধের খবর পেয়ে প্রথমে শিল্পপুলিশ-১ এর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গুরুত্বপূর্ণ এ মহাসড়ক বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী কিছু যানবাহন বিকল্প পথ, ধামরাইয়ের ঢুলিভিটা হয়ে কালিয়াকৈর এবং কালামপুর হয়ে মির্জাপুরের পথ ব্যবহার করে। তবে, আঞ্চলিক সড়কে যানবাহনের চাপ বাড়ায় ওই দুই সড়কেও তৈরি হয় যানজট।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানিয়েছেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও