বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার কখনোই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। ইতিহাসে বারবার তা প্রমাণিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে মানুষের আস্থা সবসময় বিএনপির ওপর ছিল এবং বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা হলো নির্বাচিত সরকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ও মালিকানা ফিরে পাওয়া এবং জনপ্রতিনিধিদের সংসদে পাঠানো। যারা জনগণের ওপর আস্থা রাখে না এবং গণতন্ত্রবিরোধী শক্তি, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায় এবং ভোট দিতে মুখিয়ে আছে।
তিনি আরো বলেন, ‘১১ তে ১১’ স্লোগানের আওতায় চট্টগ্রাম-১১ আসনে ১১টি বিষয়ে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি খাতের উন্নয়ন ও পানির সমস্যা সমাধানসহ আরো কিছু উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেকসহ অন্যান্যরা।