বাগেরহাটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ছিলেন তিনি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন তিন আরোহী। তারা খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাদের মৃত্যু হয়।

আরও