ষষ্ঠ বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৫

অর্থনীতিতে টেকসই উন্নয়নে কর খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন

বাংলাদেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার কম। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। রাজনৈতিক দল, অভিজাত ব্যবসায়িক শ্রেণী এর পেছনে প্রভাবক হিসেবে রয়েছে।

বাংলাদেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার কম। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। রাজনৈতিক দল, অভিজাত ব্যবসায়িক শ্রেণী এর পেছনে প্রভাবক হিসেবে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ষষ্ঠ বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৫-এ গতকাল এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, দেশের অর্থনীতিতে টেকসই উন্নয়নের জন্য দরকার কর খাতে ব্যাপক সংস্কার। তিনদিনব্যাপী সামিটটি আয়োজন করেছে ঢাবির অর্থনীতি বিভাগের ইকোনমিকস স্টাডি সেন্টার (ইএসসি)।

সামিটের প্রথম প্যানেল আলোচনার বিষয়বস্তু ছিল ‘রাজস্ব সংগ্রহ এবং টেকসই প্রবৃদ্ধি’। এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘জিডিপির তুলনায় বাংলাদেশে রাজস্ব আদায়ের হার কম থাকার পেছনে রাজস্ব খাতে থাকা কিছু সংস্কারবিরোধী প্রভাবক রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে টেকসই উন্নয়নের জন্য আমাদের কর খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন, যেমন টেকসই এবং প্রত্যক্ষ কর সংস্কার, রাজস্ব আদায়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে সার্বিক উন্নতি সাধনসহ আরো বেশকিছু উদ্যোগ নিতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আগে পড়াশোনার চেয়ে রাজনীতি বেশি হতো। এ আয়োজন রিসার্চ প্রেজেন্টেশন, রিসার্চ নিয়ে কাজ করাই হলো আমাদের আসল কাজ। শিক্ষার্থীরা এসব করছে।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) সায়মা হক বিদিশা, অর্থনীতি বিভাগের চেয়ারপারসন মাসুদা ইয়াসমিন।

সামিটের প্যানেল আলোচনায় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত থেকে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, ‘বিশ্বের অন্যান্য উন্নত কিংবা উন্নয়নশীল দেশে যেখানে রাজস্বের হার গড়ে প্রায় ১৮-১৯ শতাংশ, সেখানে বাংলাদেশে এ হার নগণ্য। রাজস্ব বাড়াতে রাজস্ব নীতি এবং রাজস্ব প্রশাসনের দিকে মনোনিবেশ করতে হবে।’ এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। প্রথম প্যানেল আলোচনার পর ছিল ইকোনমিকস অলিম্পিয়াড। বিকালে অনুষ্ঠিত হয় ‘অস্থির বিশ্বে বাংলাদেশ: বাণিজ্য, কূটনীতি ও প্রবৃদ্ধির সন্ধান’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা।

আরও