চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের পরীক্ষামূলক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিণ পাশে একটি আম বাগানে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযানে যায়।অভিযানকালে আম বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় তিনটি সাদা পলিথিনের ভেতর সাদা, কালো ও লালচে রঙের প্রায় ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাটা, তিনটি লাল রঙের স্কচটেপ এবং ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৫ মিডিয়া সেল।