ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে), ৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮ ও রংপুরে ৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশে ডেঙ্গুর সংক্রমণ আরো বেড়েছে। রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হামের উপসর্গে আরো তিন শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭১ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৩৬০। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৮২ হাজার ৩৩৫ জন। আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৮৮ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে), ৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮ ও রংপুরে ৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২২৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বরও ডেঙ্গুতে দেশে নয়জন মারা যায়। ওই মাসে সারা দেশে মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮-এ। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২-এ।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের শরীরে। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৮ জন। এছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।

আরও