জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি ও প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক কিতামুরা তোশিহিরো।
এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনায়ও এ বিষয়ে কোনো তথ্য নেই।
জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠক সম্পর্কে বিস্তারিত জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৭ অক্টোবরের শীর্ষ বৈঠকের বিবরণে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে আলোচনার কথা বলেছে।
ওই বিবরণে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন। এর মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথা বলা হয়েছে সেখানে।