ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি গ্রামে দুই প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মনজ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল ও লুকমান মন্ডলের ছেলে অভি মন্ডল।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ধুলিয়া গ্রামে ‘খাঁ গোষ্ঠী’ ও ‘মন্ডল গোষ্ঠী’ নামে দুটি প্রভাবশালী গোষ্ঠী রয়েছে। অধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। দেড় বছর আগে আরেকটি মারামারিকে কেন্দ্র মকবুল হোসেন মন্ডলের সমর্থকরা মুকুল খাঁর সমর্থকদের নামে মামলা করে। সেই মামলা তুলে নিতে মকবুল মন্ডলের লোকজনকে প্রতিপক্ষের খাঁ গোষ্ঠীর লোকজন দীর্ঘদিন ধরে চাপাচাপি করছেন।
তিনি জানানা, মামলা তুলে না নেওয়াতেই মুকুল খাঁর সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন মন্ডল সমর্থক লোকমান হোসেন মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা করেছেন বলে জানা গেছে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অভি ও লাল্টুসহ ৭ জনকে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মন্ডল ও অভি মন্ডলকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনার তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শ করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।