লিবিয়া থেকে ফিরলেন আরো ১৬৭ বাংলাদেশী

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৬৭ জন বাংলাদেশী। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তারা দেশে ফেরেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে লিবিয়া ফেরত বাংলাদেশীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টারে থাকা ১৫১ জন রয়েছেন।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ ফ্লাইটে ফেরাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। এমনকি তারা লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

এ সময় ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায়- সে বিষয়ে সচেতন হতে সবাইকে অনুরোধ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসমগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হয়।

আরও