কক্সবাজারে প্রাইভেটকারে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

কক্সবাজারে প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

বিজিবি জানায়, তল্লাশির সময় প্রাইভেট কারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আটক এরফানের পাশাপাশি আরো তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন-টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দ প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও