প্রথমবারের মতো আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দুপুরে নগরের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই জনসভাস্থলে জড়ো হচ্ছেন তারা।
আজ সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা গেছে, নারী ও পুরুষ নেতা-কর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। কেউ কেউ মাথায় নানা রঙের ক্যাপ পরেছেন। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
আজ বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে তারেক রহমান বেলা ১টায় আকাশপথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার আকাশপথে ঢাকায় ফেরত আসবেন।
বরিশাল ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের ঢাকার বাইরের প্রচারণা শেষ হবে বলে জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।