সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি

আগামীকাল মঙ্গলবার দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সিবিশন সেন্টারের (ডিইসি) দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনার অংশ নিবেন তিনি। পরে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন ঘুরে দেখবেন শেখ হাসিনা। এদিন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

আগামী বুধবার আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং দেশটির জাতির মাতা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরদিন বৃহস্পতিবার এফএও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া এদিন সন্ধ্যায় দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের বিজনেস ফোরামে অংশ নেবেন।

এরপর শুক্রবার দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা আয়োজিত অভ্যর্থনায় যোগ দিবেন সরকারপ্রধান শেখ হাসিনা। এছাড়া এদিন তিনি বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামী শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২ ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর এ সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি দেড় বিলিয়ন ডলারের মতো। বাণিজ্য ঘাটতি কমাতে দেশটিতে রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

এ ছাড়া দুই দেশের মধ্যে শিপিং সার্ভিস চালু এবং নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়াতে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের নতুন অধ্যায় শুরু করতে চায় ঢাকা।

তবে কোন চারটি বিষয়ে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হতে, তা স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী।

আরও