বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশুদের শুধু লেখাপড়াই নয়, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে।
আজ শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চীনের জনগণ ও সরকার বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। চীনের রাষ্ট্রদূতকে আজ ঠাকুরগাঁওয়ে দাওয়াত করে এনেছি। আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই। আগামী দুই-এক বছরের মধ্যে তারা প্রতিনিধি পাঠাবে। এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে কাজ করার আগ্রহ তাদের রয়েছে।
এ সময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে ছিলেন।