টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত একই পরিবারের তিনজনসহ পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় অ্যাম্বুলেন্সে মরদেহগুলো গ্রামে পৌঁছায়। যোহরের নামাজের পর বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন—নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটি শেষে তারা ঢাকা ফিরছিলেন।