ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জাহিদুল খান শুভ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

ঝালকাঠির নলছিটিতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জাহিদুল খান শুভ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পৌরসভার শীতলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুভ উপজেলার নান্দিকাঠি এলাকার রিপন খানের ছেলে ও নান্দিকাঠি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় তিনজনকে আসামি করে গতকাল সকালে একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শীতলপাড়া এলাকার সুমন হাওলাদার, মামুন হাওলাদার ও ছালাম হাওলাদার কাউকে না জানিয়ে তাদের বোরো ধানখেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। বুধবার রাতে প্রতিবেশী স্কুলছাত্র শুভ ও কাওছার ঝুপি দিয়ে ওই খেতে মাছ ধরতে যায়। এ সময় শুভকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে দেখে কাওছার গিয়ে তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ধানখেতে এসে দেখেন শুভর মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, ধানখেতে কাউকে না জানিয়ে বিদ্যুতের সংযোগ দেয়ায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত শুভর মামা মামুন শরীফ।

আরও