মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ প্রবাসী বাংলাদেশী (ইন্নালিল্লাহি ... রাজিউন)। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশী। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আর আহতরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।