কক্সবাজারে সিজিএর কনফারেন্সে বক্তারা

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিকল্প নেই। দীর্ঘ আট বছর ধরে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখানে অবস্থান করছে। ফলে এ অঞ্চলের ওপর বড় চাপ তৈরি হয়েছে। রোববার (১৬ নভেম্বর) কক্সবাজারে কমনওয়েলথ সাংবাদিক অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত কনফারেন্সে এসব কথা বলেন বক্তারা। শরনার্থী কমিশন ও ব্র্যাকের সহায়তায় সিজিএ এ কনফারেন্সের আয়োজন করে।

অনুষ্ঠানের বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, এটি ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন। এ সময় মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত করা ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানানো হয়।

সিজিএ বাংলাদেশ চাপ্টারের সভাপতি ফরিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিন পর্বে দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ও অ্যাসোসিয়েট প্রেসের প্রতিনিধি জুলহাস আলম, প্রফেসর রহমান নাসির উদ্দীন, ড. জাকিয়া সুলতানা, ড. আমেনা মহসিন, আসিফ মুনির, সিজিএ বাংলাদেশ চাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গনি মনসুর, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দীন।

সম্মেলনে বক্তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, সংকট মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা এবং টেকসই ভবিষ্যতের কৌশল তৈরির ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, রোহিঙ্গা কমিউনিটির নেতা, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুর সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডার।

আরও