গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আজাহার আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার ( ১২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজাহার ওই গ্রামের আজগর আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগাড়ী ইউপি সদস্য মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল থেকে তিনি নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।