স্পিকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধায় গুরুত্বারোপ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‌১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।’ 

তিনি বলেন, ‘‌বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে।’

স্পিকার আরো বলেন, ‘‌বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‌বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।’

সাক্ষাৎকালে তারা উভয়ই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশের মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহায়তা এবং চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের জন্য তারা মতবিনিময় করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সময় বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত এবং রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত এ সময় জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইদিনে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‌বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য।’

তিনি বলেন, ‘স্পেন সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

স্পিকার বলেন, ‘‌বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে এ নির্বাচনকে গ্রহণযোগ্য করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রায় অবদান রেখেছে।’

সাক্ষাৎকালে তারা উভয়ই মধ্যম আয়ের দেশে উত্তরণ-পরবর্তী বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন, তৈরি পোশাক রফতানি, এলএনজি ও জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেয়ার জন্য স্পেন সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এ সময় জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।

আরও