অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি

রোজার সময় ক্রেতা ও দর্শনার্থী কম থাকার যুক্তি তুলে ধরে প্রকাশকরা এর আগেই মেলা শুরু করার পক্ষে মত দিয়েছেন। গতকাল বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে তা বলা হয়নি।

ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। রোজার কারণে মেলা প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রকাশকরা। আগামী বছর ৮ বা ৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারণ হয়।

রোজার সময় ক্রেতা ও দর্শনার্থী কম থাকার যুক্তি তুলে ধরে প্রকাশকরা এর আগেই মেলা শুরু করার পক্ষে মত দিয়েছেন। গতকাল বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে তা বলা হয়নি।

চলতি বছর মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পেছানো হয়েছিল। আগামী বছর জানুয়ারিতে মেলা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে গত ১৩ অক্টোবরের সভায়।

রোজার কারণে বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্তের কথা তুলে ধরে ‘অনন্যা’ প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, ‘বাংলা একাডেমির ওই মতবিনিময় সভায় আমি নিজে উপস্থিত ছিলাম। প্রকাশকরা এক জোট হয়ে দাবি করেছিলাম যেন বইমেলা এগিয়ে আনা হয়। কারণ হিসেবে আমরা বলেছি সামনে রোজা রয়েছে,–ফেব্রুয়ারির আনুমানিক ৯ তারিখ রোজা শুরু হতে পারে। রোজার মধ্যে সাধারণত মেলায় দর্শনার্থী ও পাঠকের সমাগম হয় না। রোজা এড়াতেই আমরা প্রস্তাব করেছিলাম মেলা যেন জানুয়ারির প্রথম দিকে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয়। আমাদের সে দাবির পরিপ্রেক্ষিতেই ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার সময়সীমা চূড়ান্ত করে সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।’

আরও