লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের আমুরবুনিয়া এলাকায় লোকালয়ে চলে আসা সুন্দরবনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বন বিভাগ হরিণটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের সচেতনতায় হরিণটির কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, আমুরবুনিয়া এলাকার স্থানীয় মানুষ বনের হরিণটিকে লোকালয়ে দেখতে পান। এ সময় তারা দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে আসেন।

উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। বন কর্মকর্তারা নিশ্চিত করে জানান, হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। কোনো আঘাতের চিহ্ন না থাকায় পরীক্ষার পরপরই হরিণটিকে সুন্দরবনে মুক্ত করে দেয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। বন্যপ্রাণী দেখলে তারা এখন আর আক্রমণ করেন না, বরং বন বিভাগকে দ্রুত তথ্য দেন। বনের প্রাণী রক্ষায় মানুষের এমন সহযোগিতা ও ইতিবাচক পরিবর্তন সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

তিনি আরো জানান, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। তাই স্থানীয়দের এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বন বিভাগ আশা করছে।

আরও