রংপুরে বউ-শাশুড়ি মেলা

নিরাপদ মাতৃত্বে পারস্পরিক দায়িত্ব কর্তব্য ও সচেতনতার বার্তা

হাসি-আড্ডা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর সুস্বাস্থ্য এবং গর্ভকালীন যত্নে বউ-শাশুড়ির পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বউ-শাশুড়ির সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া, দায়িত্ব ও সচেতনতার বার্তা নিয়ে রংপুরে প্রতি বছর অনুষ্ঠিত হয় বউ-শাশুড়ি মেলা। মেলায় মিলেছে দুই প্রজন্মের অভিজ্ঞতা, ভালোবাসা ও সচেতনতার বার্তা। হাসি-আড্ডা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর সুস্বাস্থ্য এবং গর্ভকালীন যত্নে বউ-শাশুড়ির পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে। জননী প্রকল্পের আয়োজনে, সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সমন্বয়ে এবং কইকার অর্থায়নে মেলাটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে সেভ দ্য চিলড্রেন।

আয়োজকরা জানান, বউ-শাশুড়ি মেলায় বিভিন্ন অধিদপ্তরের স্টল থেকে অন্তঃসত্ত্বা নারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও গর্ভকালীন চেকআপ করা হয়। প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহিত করতে পরিবেশিত হয় সচেতনতামূলক পালা গান।

মেলায় অংশ নেয়া রংপুর কাউনিয়া উপজেলার বাসিন্দা কবি ও সাহিত্যিক এসএম সাথী বেগম বলেন, ‘‌প্রত্যন্ত এলাকায় বউ ও শাশুড়ির মধ্যে সম্পর্ক উন্নয়নের এ ধরনের মেলা কার্যকর ভূমিকা রাখছে।’

রংপুর আরডিআরএসের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফরাজদুক ভূঞা বলেন, ‘‌পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি ২০২৩ সালে চালু হয়েছে। এখন পর্যন্ত ৮২টি মেলার আয়োজন করা হয়েছে।’ রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘‌মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য গর্ভবতী বউদের যত্ন ও পুষ্টির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শাশুড়িদের উদ্যোগী করে তোলা।’

আরও