বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সকালে চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ীগামী সড়কে বাসন থানার সামনে শতাধিক পোশাকশ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের লক্ষ্য করে পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। অন্যদিকে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলায় বিজিবি, আনসার ও বিশেষ রিজার্ভ বাহিনীর (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ীগামী সড়কে বাসন থানার সামনে শতাধিক পোশাকশ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, শ্রমিকেরা বাসন থানার দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বুধবার থেকে গাজীপুরের সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে শ্রমিক বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শ্রমিকেরা জানিয়েছেন।

এদিকে শ্রমিক বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন মোতায়েনের এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও