টাইমের স্বীকৃতির পর প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে গতকাল চিফ হুইপ মো. নূরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম টাইম ম্যাগাজিনে থাকায় শুধু তিনি সম্মানিত হননি, জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়। চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নাম রয়েছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এ জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সংসদ নেতা ১৭ বছর নির্বাসিত ছিলেন। পরে দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে এ সংসদে পাঠিয়েছে। তার কাছে এ দেশের মানুষের অনেক প্রত্যাশা।’

আঙুলের কালি মোছার আগেই তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন পহেলা বৈশাখে। এটা একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। তিনি আমাদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন। বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য সম্মানীর ব্যবস্থা করেছেন। ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন।’

নূরুল ইসলাম আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ তাকে (তারেক রহমান) স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে। বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।’

এদিকে সংসদ সদস্যদের ৭১ বিধির অধীনে বক্তব্য উপস্থাপনের জন্য ফ্লোর দেয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে ডেপুটি স্পিকারকে অনুরোধ জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সদস্য মো. শওকাতুল ইসলাম গতকাল সংসদে ৭১ বিধির অধীনে নোটিস উপস্থাপনে ধারাবাহিকতা ভঙ্গের বিষয় উত্থাপন করলে চিফ হুইপ এ অনুরোধ জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন। স্পিকারকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, ‘মন্ত্রী ছাড়া সব সংসদ সদস্যই প্রাইভেট মেম্বার এবং আমি জানি তারা অধিবেশন শুরুর ঠিক আগে কখন নোটিস জমা দেন। তাই সদস্যদের ফ্লোর দেয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সব সংসদ সদস্যই চান তাদের নোটিস আগে আসুক, যাতে তারা নিজ নিজ এলাকার বিষয় তুলে ধরতে পারেন। তাই ফ্লোরে নোটিস উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

চিফ হুইপের এ অনুরোধের জবাবে ডেপুটি স্পিকার সদস্যদের নোটিস উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেন।

আরও