গাজীপুর নগরীর ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল বেলা পৌনে ৩টার দিকে ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেডের কারখানায় আগুন লাগে। কারখানাটি আটতলা ভবনের। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ি ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিয়ন্ত্রণ মানে আগুন নিভে যাওয়া নয়। আগুন পুরোপুরি নিভাতে আরো সময় লাগবে। ওই কারখানা থেকে আমরা ৭০ জনকে জীবিত উদ্ধার করেছি। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।