বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আজ শনিবার নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম জানান, তাহসিফের বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।
আর নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিইউটি অফিসার এএসআই মোস্তাফিজ গণমাধ্যমকে জানান, দীপকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করব।
এর আগে শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগে মামলা করেন তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম। বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
গত বুধবার বিকালে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।