জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন ৩.৮৯ শতাংশ, ১৪ বছরে সর্বনিম্ন

চলতি বছরে তিনটি বিভাগ ও মন্ত্রণালয় কোনো অর্থ ব্যয় করতে পারেনি। এ ছাড়া এক শতাংশের নিচে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (০.০৭%), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (০.০৯%), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (০.৪৬%) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (০.৮২%)।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) উন্নয়ন বরাদ্দ বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ, যা গত ১৪ বছরের একই সময়ের হিসাবে সর্বনিম্ন। চলতি বছর শুধু সেপ্টেম্বর মাসে বাস্তবায়নের হার মাত্র ২ দশমিক শূন্য ৪ শতাংশ। চলতি বছরে বিপুল বরাদ্দ থাকলেও এক টাকাও বাস্তবায়ন করতে পারেনি সেতু বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আইএমইডির প্রকাশিত তথ্য অনুসারে, চলতি অর্থবছরে ১ হাজার ১৭২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ ছিল ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। প্রতিবছর উন্নয়ন বরাদ্দ বাড়লেও ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে কমছে এডিপি বাস্তবায়নের হার। বাস্তবায়নের হারের দিক থেকে যা ১৪ বছরের মধ্যে একই সময়ে সবচেয়ে কম। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে ৪ দশমিক ৭৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৭ দশমিক ৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

চলতি বছরে তিনটি বিভাগ ও মন্ত্রণালয় কোনো অর্থ ব্যয় করতে পারেনি। এ ছাড়া এক শতাংশের নিচে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (০.০৭%), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (০.০৯%), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (০.৪৬%) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (০.৮২%)। এমনকি বাস্তবায়নের হারের প্রতিবেদন প্রকাশের দায়িত্বে থাকা আইএমইডি বাস্তবায়ন করেছে ০ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে, বাস্তবায়নে শীর্ষ পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে সংসদ সচিবালয় (২২.৮৬%), দুর্নীতি দমন কমিশন (১৮.৯৭%), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (১৭.৩৮%), আইন ও বিচার বিভাগ (১৫.৯৭%) এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় (১৪.৮০%)।

আরও