নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দিনটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন, সুলতান স্মৃতি সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে এসএম সুলতানের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হক।

১৯২৪ সালের ১০ আগস্ট চিত্রশিল্পী এসএম সুলতান নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আঁকা ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হয়।

কৃতিমান শিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৮৪-তে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬-তে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবে স্বীকৃতি পান তিনি। সুলতানের স্মৃতিকে ধরে রাখতে তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এ শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও