ঝিনাইদহের মহেশপরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (২০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম জানান, রাতে পারিবারিক কলহের জেরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী মহিদুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রোজিনার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক স্বামী মহিদুল ইসলাম।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।