কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে ডলফিন টিকে মাটি চাপা দিয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। এটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গমতি ফরেস্টার ঢালা নামক এলাকায় ডলফিনটিকে দেখতে পান কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাস। সঙ্গে সঙ্গে তিনি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যদের জানান। এরপর উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে মাটি চাপা দেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, ট্যুর গাইড সদস্যদের মাধ্যমে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পরিদর্শন শেষে বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। দেখে মনে হচ্ছে এটি সকালের জোয়ারে এসেছে। ইরাবতী প্রজাতির এ ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের কাছে নদীর মোহনায় দেখা যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এখানে পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক। তাদের সহযোগিতায় মাটিচাপা দেয়া হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। এ উপকূলীয় এলাকাজুড়ে ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, উন্নত বিশ্বগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে বেশি এগিয়ে। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যতদিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে আসবে না ততদিন এ সমস্যার সমাধান হবে না।

আরও