সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মাহিন্দ্র ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার ছেলে মারা গেছেন। এ ঘটনায় আরো সাতজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে ইজিবাইক ও মাহিন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্র যাত্রী শারমিন সুলতানা (২৮) ও তার ছেলে মোস্তাকিম (৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত শারমিন সুলতানা সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
দুর্ঘটনায় ইজিবাইক ও মাহিন্দ্রর সাতজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলমান।