মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দেশটির তিন নিরাপত্তাকর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন সীমান্তরক্ষী পুলিশের সদস্য এবং অপর দুজন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করা হয়। পরিচয় যাচাইয়ের পর রাতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
আজ মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার আদালতে পাঠানোর কথা রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর সীমান্তরক্ষী পুলিশ ইউনিটের সদস্য কিয়াও নাইং।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তারা নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।