চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের ভার্চ্যুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে এই শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ভার্চ্যুয়াল শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। এছাড়া পুলিশের কাজে বাঁধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ তিন মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আগামীকাল এসব মামলার ভার্চ্যুয়াল শুনানি হবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া বিভিন্ন অভিযোগে এই ঘটনায় আরো ৫টি মামলা হয়।