বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ট্রান্সপোর্ট পার্টনারশিপ চুক্তি করেছে ওয়েবভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান গাড়িবুক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এ চুক্তির আওতায় বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চুক্তির ঘোষণা দেয়া হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম বাসে গাড়িবুকের ব্র্যান্ডিং থাকবে। ঢাকা ও সিলেটে দুই টেস্টের সময় এ ব্র্যান্ডিংযুক্ত বাসে যাতায়াত করবেন দুদলের ক্রিকেটাররা।
বিসিবিতে বিভিন্ন ক্যাটেগরিতে স্পন্সরশিপ চুক্তি হলেও ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবারই প্রথম। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এ চুক্তি হলেও ভবিষ্যতে তা দীর্ঘমেয়াদে সম্প্রসারণের আশা করছে দুই পক্ষ।
সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, স্পন্সর সংগ্রহে সাম্প্রতিক সময়ে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেগুলো কাটিয়ে ইতিবাচকভাবে এগোচ্ছে বোর্ড। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনারের সঙ্গে চুক্তি হয়েছে।