লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

দ্বন্দ্বকে কেন্দ্র করে মিলন ক্ষিপ্ত হয়ে নিজ বসতঘরে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যা করে মিলন। এক পর্যায়ে মায়ের মরদেহটি গুম করতে কাপড়-চোপড় ও কম্বল মুড়িয়ে আগুনে পুড়িয়ে দেয় সে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আমেনা বেগম (৫৭) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছেলের নাম রেদোয়ান হোসেন মিলন (২২)। আর নিহত আমেনা বেগম ওই ইউনিয়নের আশার কোটা এলাকার ওহেদ আলী পাটোয়ারী বাড়ির মৃত আলী আকবরের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা আমেনা বেগম ও ছেলে মিলনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে মিলন ক্ষিপ্ত হয়ে নিজেদের বাড়িতেই মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে মায়ের মরদেহটি গুম করতে কাপড়-চোপড় ও কম্বল মুড়িয়ে আগুনে পুড়িয়ে দেয়। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার করে। এসময় পালাতে গেলে পুলিশের হাতেই আটক হয় ছেলে রেদোয়ান হোসেন মিলন। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান হত্যা মামলা দায়ের করেছেন । পরে আটক ছেলেকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

নিহত আমেনা বেগমের ভাইয়ের ছেলে মো. আনিস জানান, মায়ের সঙ্গে নানা বিষয় নিয়ে মিলনের ম্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকেই ক্ষোভের বশে নিজের মাকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে মিলন। 

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, হত্যার ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছেন। অভিযুক্ত ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে।

আরও