কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে লিমা আক্তার নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে তাকে সাপ কামড় দেয়। নিহত লিমা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে গোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য বাবাকে গ্যাসলাইট দিতে যায় লিমা। এ সময় বিষধর সাপ কামড় দিলে রাত সাড়ে ৩ টায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।