শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, বরং নিজেরাই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। বাংলাদেশকেও এ সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিত করতে হবে।’
গতকাল রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালের বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প পরিদর্শন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রকল্প উপস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্নিভালের প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আয়োজকরা জানান, গত ২৯ অক্টোবর শুরু হওয়া এ বিজ্ঞান উৎসবে দেশের ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। তিনদিনের এ আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ফোর-ডি মুভি বাস ও মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।