চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।
আহত রোগীরা হলেন রফিকুল ইসলাম, আকতার হোসেন এবং আবুল খায়ের। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ায় এর আগেও শিশু বিভাগসহ বিভিন্ন অংশে ছাদের পলেস্তারা খসে পড়েছিল। এ ঘটনার পর পুরুষ বিভাগের রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তাদের স্বজনরা দ্রুত এ ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে ওই স্থান পরিদর্শনে যান এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তিনি জানান, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যার হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত এ রোগীর কারণে পুরো ভবন ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই লিখিত আবেদন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে।