ফুটবল খেলা ঘিরে ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ

ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘণ্টা

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের প্লাটফর্মে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় প্রায় পৌনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দীর্ঘ অচলাবস্থায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালীসহ বিভিন্ন রুটের চারটি আন্তঃনগর ট্রেনের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্চবটী এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুরের লিমন মিয়া নামের এক যুবককে প্লাটফর্মে পেয়ে মারধর করেন পঞ্চবটীর বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রেলস্টেশনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় রেললাইনের পাথর ছুড়ে মারায় ভৈরব থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য এবং অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষকারীরা রেলস্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের দরজা ও কাচ ভাংচুর করে। এতে স্টেশন কেবিনের প্রায় ২৬ হাজার টাকা এবং রেলওয়ে থানার গাড়ি ও ভবনের জানালার কাচ ক্ষতিগ্রস্তসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে রেলওয়ে পুলিশ ব্যর্থ হলে পরবর্তী সময়ে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দিবাগত রাত দেড়টার দিকে পুরো প্লাটফর্ম নিয়ন্ত্রণে নেন।

ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ এবং রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, সংঘর্ষের কারণে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও এগারোসিন্ধুর এক্সপ্রেসসহ বেশকিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় আটকে ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও