খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নতুন করে আরো ১৯ জনকে পুশইন করা হয়েছে। আজ সোমবার (২৬ মে) ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশইন হয়।
স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ,৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তবে তারা বাংলাদেশের নাগরিক কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, পুশইন হওয়া ওই ১৯ জনকে প্রথমে হরিয়ানা থেকে বিমানে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের দক্ষিণ ত্রিপুরার করবুকের সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় নিয়ে আসে বিএসএফ। আজ ভোরের দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তাদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে ভারতের হরিয়ানা গিয়েছিল বলে স্থানীয়দের জানিয়েছেন। তবে এ বিষয়ে বিজিবি থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, পুশইনের বিষয়টি নিশ্চিত। সরেজমিনে তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরিচয় শনাক্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে। অনুপ্রবেশ হয়ে থাকলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্দং, পানছড়ির লোগাং ও রামগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশইন করেছে ভারত।