প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘নতুন সরকারের মাত্র ছয় মাসের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে। মাত্র ১৮০ দিনে পূর্ণাঙ্গ মূল্যায়ন খুব তাড়াতাড়ি হবে। তবে গতিমুখ সঠিক কিনা এবং সেই গতিমুখে গতি সঞ্চারিত হচ্ছে কিনা এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ।’
নতুন গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনায় গতকাল ধানমন্ডিতে ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের ১৮০ দিন পর্যালোচনা: সুশাসন, জবাবদিহি ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
গোলটেবিল আলোচনা যৌথভাবে আয়োজন করে সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)। আলোচনায় রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করেন। অচল অর্থনীতি ও লুটপাটের উত্তরাধিকার সামলানোর কথা উল্লেখ করে বিরোধী দলকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এ সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। একই সঙ্গে দীর্ঘদিনের পদ্ধতিগত সমস্যার দায়ও মানুষ বর্তমান সরকারের ওপর দিচ্ছে। সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে, এখন প্রয়োজন ফলাফল দেয়ার জন্য সময় এবং সুশৃঙ্খল, পদ্ধতিগত বাস্তবায়ন।’
আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সিএফবির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মামুন আহমেদ।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, ‘মাত্র ১৮০ দিনে একটি সংসদীয় গণতন্ত্রের পূর্ণ মূল্যায়ন করা যায় না। সবকিছু লিখিত আইন দিয়ে পরিচালিত হয় না, অনেক কিছুই কনভেনশন ও রাজনৈতিক শিষ্টাচারের ওপর নির্ভর করে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আমলাতন্ত্রকে রাষ্ট্রের মেরুদণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা ও অর্থের আকর্ষণে মেধাবীদের পুলিশ-প্রশাসনমুখী প্রবণতা একটি সামাজিক ব্যাধি।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ বক্তব্য দেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম সংসদে সুস্থ আলোচনাকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অসম্পূর্ণ প্রত্যাশার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থবহ নয়।’
এফবিসিসিআইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ভূরাজনীতিতে সরকারের ১৮০ ডিগ্রি পরিবর্তনকে প্রথম ১৮০ দিনের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করেন। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ থার্ড টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের মতো ক্ষেত্রে বড় ও স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিকে আরো উন্মুক্ত করার তাগিদ দেন।
আলোচনা সঞ্চালনা করেন প্রথিতযশা চিকিৎসক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সায়ন্থ।