চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুর ও বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনের মৃত্যু নির্যাতনের কারণে হয়েছে বলে দাবি পরিবারের। তার শরীরের ক্ষতও রয়েছে।
মৃতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের প্রয়াত গোলাম মর্তুজার ছেলে মো. সেলিম রেজা (২৫) এবং একই এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানিয়েছেন, শফিকুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ও সোহেল রানা নামে আরেক বাংলাদেশী নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তারা।
নিহত শফিকুলের বোনের স্বামী ও স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনের কারণে শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। তার পুরো শরীরে অনেকগুলো ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিড দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার অনেকগুলো দাঁত ভাঙা ছিল।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুপুরের সীমান্ত-সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বিকালে একই এলাকা থেকে সেলিমের মরদেহও উদ্ধার করা হয়।